সঙ্গীকে একা ফেলে যায়নি সুস্থ হাতিটি। কখনও পাশাপাশি হেঁটে, আবার কখনও গতি কমিয়ে পাশেই থেকেছে। খুঁড়িয়ে চলা সঙ্গীর পাশে থাকার এই দৃশ্য স্থানীয়দের মধ্যে তৈরি করেছে আবেগ ও মমত্ববোধের এক অনন্য অনুভূতি। সঙ্গীর প্রতি সহমর্মিতার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে দুই বন্যহাতি।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় সোমবার হাতি দুটিকে প্রথম দেখা যায়। এরপর দুর্গম পাহাড়ে টানা আট ঘণ্টা ড্রোন উড়িয়ে অবশেষে মঙ্গলবার সন্ধান মিলেছে এদের। সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে টেকনাফের বাহারছড়া গর্জন বাগান এলাকার বনে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বাহারছড়া শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এতে বন বিভাগের সদস্যদের পাশাপাশি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা অংশ নেন। ড্রোন ক্যামেরার মাধ্যমে দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় দীর্ঘ অনুসন্ধান চালিয়ে হাতিটির সঠিক অবস্থান শনাক্ত করা হয়।
অবস্থান শনাক্তের পর ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু করে।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সকাল থেকে গভীর পাহাড়ে ড্রোন উড়িয়ে হাতিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। হাতিটি কীভাবে আহত হয়েছে, তা চিকিৎসা ও পরবর্তী অনুসন্ধানের মাধ্যমে পরিষ্কার হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং ওপরের চামড়াও উঠে গেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। প্রতিটি পদক্ষেপে তার শারীরিক যন্ত্রণার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে।
তবে হাতিটি কীভাবে আহত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি বন বিভাগ। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী, অপহরণকারী বা মানব পাচারকারী কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনও সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দুর্গম পাহাড়ে আহত হাতিটির অবস্থান শনাক্ত ও চিকিৎসা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে হাতিটি কীভাবে আহত হলো, সেই রহস্য উদ্ঘাটনের পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছেন এলাকাবাসী।
