বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে তাঁকে অস্ত্রসহ আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু বাসিন্দাকে ধাওয়া দিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়েছিলেন ওই বিএসএফ সদস্য। সাম্প্রতিক সময়ে এই সীমান্ত এলাকায় বিএসএফের অনুপ্রবেশের ঘটনা বিরল।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে দেখতে পেয়ে আটক করা হয়। পরে তাঁকে বিছনাকান্দি বিওপিতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক বিএসএফ সদস্য বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সন্ধ্যা ৭টার দিকে জানতে চাইলে বিছনাকান্দি ক্যাম্প কমান্ডার মো. মোস্তফা সমকালকে বলেন, এখন পর্যন্ত পতাকা বৈঠক হয়নি। বিএসএফের ওই সদস্য তাদের হেফাজতে আছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঠেলে পাঠানোর অভিযোগ

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামে ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তিকে পুশইনের (ঠেলে পাঠানো) অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে ওই ব্যক্তিকে একটি স্থানীয় বাজারে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ধনেশ্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে লালমনিরহাটের জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ, বিজিবি, স্থানীয় লোকজন ও সীমান্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বিএসএফের একটি টহল দল কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ধনেশ্বরকে মারধর করে বাংলাদেশের ঠেলে পাঠায়। পরে ধনেশ্বর লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় অবস্থান নেন। পরে স্থানীয়রা পাটগ্রাম থানা পুলিশকে খবর দিলে তাঁকে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে ভারতীয় বলে পরিচয় দেন।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বিজিবি বলেছে, যেহেতু শূন্য রেখার বিষয় নয়, এ বিষয়ে যেন পুলিশ আইনি ব্যবস্থা নেয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি সত্যি ভারতীয় প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।