সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের নির্দেশনা, আইনশৃঙ্খলা ও পোশাকশিল্পের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা। জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের প্রতি এ নির্দেশনা দেন তিনি। বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে সমকাল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি সংসদ অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, তৈরি পোশাকশিল্পের সার্বিক অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে চলতি অধিবেশনে এটি সরকারি দলের দ্বিতীয় সংসদীয় বৈঠক।
সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবারই জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
