ছবি: সমতল মাতৃভূমি
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগাম বার্তা দিয়েছেন এ. এস. এম. সাদাকাত হোসেন। ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল বহর নিয়ে তাঁর এই প্রচারণামূলক কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কয়েকটি বাজারে পথসভায় অংশ নেন তিনি। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের আগ্রহের কথা তুলে ধরেন এবং ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য সাদাকাত হোসেনের এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে সাদাকাত হোসেন বলেন, এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান তিনি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য দেন কলাতলা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ দেলোয়ার হোসেন দিলু, যুবদল নেতা নুর ইসলাম সজিব, আল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শেখ মুনির আহম্মেদ।
এ ছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোডাউন ও পথসভার মধ্য দিয়ে কলাতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদাকাত হোসেনের এই আগাম উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
