দ্রুতগতির মোটরসাইকেলে তিন দুর্বৃত্তের হামলা, সিসিটিভি ফুটেজে শনাক্তের চেষ্টা। ফাইল ছবি
কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ভোররাতে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। দ্রুতগতির মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কারাগার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৫৮ মিনিটের দিকে কারাগারের মূল ফটক (আরপি গেট) সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ভোররাতে দ্রুতগতির একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি কারাগারের সামনে আসে। তাদের মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। কারাগারের আরপি গেটের সামনে এসে একটি ককটেল বোমা ছুড়ে মেরে তারা মোল্লাতেঘড়িয়ার দিকে পালিয়ে যায়।
তিনি বলেন, ককটেল বিস্ফোরণে বিকট শব্দ হয় এবং আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
