শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির উদ্যোগে স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন: প্রশিক্ষণ শেষে ২০ যুবক পেলেন সনদ ও ইলেকট্রিক টুলস

মো. তাজ উদ্দিন
নভেম্বর ২৬, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তবর্তী বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ ২৯ বিজিবির। ছবি: সংগৃহীত

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উদ্যোগের আওতায় ২০ জন বেকার যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস প্রদান করা হয়েছে।

ফাইল ফটো

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস তুলে দেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

জানা গেছে, গত ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার পুনট্টি ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বর্তমান বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার নিষ্ক্রিয় ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের শুধু সনদপত্রই নয়, প্রয়োজনীয় ইলেকট্রিক টুলসও দেওয়া হয়েছে। এর ফলে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবে এবং স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।

সেক্টর কমান্ডার আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি; ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস; চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ; চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী; ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ চাঁন মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবির এ উদ্যোগকে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।