সীতাকুণ্ডে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিক্ষার্থীকে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মাহাবুব আলম (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার মা এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
শিশুটির মায়ের অভিযোগ, মেয়ের মুখে ঘটনার বিবরণ শুনে তিনি বিষয়টি জানতে পারেন। স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপস দেওয়ার কথা বলে মাহাবুব তাকে চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
তিনি জানান, ঘটনার পর রাতে ঘুমাতে গেলে পেটব্যথায় কাতরাতে থাকে তার মেয়ে। পরে পেটব্যথার কারণ জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে শিশুটি।
শিশুটির মায়ের আরও অভিযোগ, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মাহাবুব আলম বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ও তার মেয়েকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। পরে তিনি বিষয়টি তার ভাই ও প্রতিবেশীদের জানালে স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
শিশুটির মা দাবি করেন, এর আগেও ওই ব্যক্তি বেশ কয়েকবার তার মেয়ের সঙ্গে এমন ঘৃণ্য আচরণের চেষ্টা করেছেন। তিনি বলেন, অবুঝ শিশুর সঙ্গে এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাহাবুব আলম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
