রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চার দিনের অন্ধকার কাটল জাপান গার্ডেন সিটিতে, তবু ৭ ভবনে এখনও বিদ্যুৎহীনতা—চরম দুর্ভোগে বাসিন্দারা

স্টাফ রিপোর্টার
জুলাই ১০, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

রাজধানী প্রতিনিধি: রাজধানীর জাপান গার্ডেন সিটিতে টানা চার দিনের বিদ্যুৎ বিপর্যয়ের পর অবশেষে বেশির ভাগ ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত সাতটি ভবন এখনও বিদ্যুৎহীন থাকায় দুর্ভোগ কাটেনি হাজারো বাসিন্দার। ভবনগুলোর অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণেই এই সংকট অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিদ্যুৎ না থাকায় এসব ভবনে পানি সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে রান্না, গোসলসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। প্রচণ্ড গরমের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বাসিন্দা মাহবুব হোসেন বলেন, “চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও এমন ভোগান্তি মেনে নেওয়া খুবই কষ্টকর।

আরেক বাসিন্দা আরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত অনেক খাবার নষ্ট হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানায়, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার গভীর রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ডিপিডিসির উদ্যোগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে উপকেন্দ্রটি সচল করা সম্ভব হয়।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাতটি ভবনের অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে পৃথক কারিগরি ত্রুটি থাকায় সেখানে এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। দ্রুত সমস্যাগুলো শনাক্ত করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে বলে জানানো হয়েছে।

চার দিনের এই বিদ্যুৎ বিপর্যয় রাজধানীর অন্যতম আবাসিক প্রকল্পে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও জরুরি সেবা প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অবশিষ্ট ভবনগুলোতে কবে নাগাদ বিদ্যুৎ ফিরবে, সেই অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।