রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান- পিএমও

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী শিশুদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন।

গতকাল শুক্রবার রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন। জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।

একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বলেন, আমি তোমাদের জন্য উপহার এনেছি, মনে আছে ওটা। কার কার মনে আছে? এ সময় তিনি ফুটবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন। পরে প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

গত ৬ নভেম্বর বনানী নৌবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন তিনি তাদের জন্য খেলার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।

জন্মদিনে দোয়া মিলাদ

জন্মদিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কেক কাটা বা বড় কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানের আয়োজন করা হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কেক কাটা, পোস্টার-ব্যানার বা জাঁকজমকপূর্ণ উৎসবের পরিবর্তে দেশজুড়ে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এর বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজসহ দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল বাদ জুমা রাজধানীর উত্তর বারিধারার কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মুসল্লির সঙ্গে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এর আগে তিনি মোকামতলা ও শিবগঞ্জে পাঁচ হাজার শিক্ষার্থীর মাঝে নিমগাছের চারা ও মগ বিতরণ করেন। এ ছাড়াও ৬২ হাজার নিমগাছের চারা ও মগ দুই উপজেলার সব শিক্ষার্থীকে উপহার দিয়েছেন তিনি।

কুমিল্লা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এবং সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে দোয়া মিলাদের পাশাপাশি দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।

ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

ঢাবি প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে ৬২টি বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংগঠন ইউট্যাবের মহাসচিব, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।