শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পরিবেশ পদক ২০২৫ প্রদান: পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ব্যক্তি পর্যায়ে যারা পেলেন জাতীয় পরিবেশ পদক-২০২৫

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম পদক লাভ করেন।

প্রতিষ্ঠান পর্যায়ে স্বীকৃতি পেল যারা

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বেগ: ঢাকার দূষণ এখন জাতীয় সংকট

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ দূষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়; এটি মোকাবিলায় রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বুধবার (৮ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঢাকার পরিবেশ দূষণসংক্রান্ত প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে দেশের সর্বস্তরের জনগণকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পরিবেশবিদদের মতে, জাতীয় পরিবেশ পদকের মতো স্বীকৃতি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব উদ্যোগে আরও উৎসাহিত করবে এবং টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।