বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই’

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চিফ প্রসিকিউটরের মন্তব্য—মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, জিয়াউল আহসানের মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) করে দেওয়া উচিত।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, ইচ্ছা করলেই কাউকে হত্যা, ক্রসফায়ারে দেওয়া কিংবা জোরপূর্বক গুম করা যায়।

আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ সংঘটিত করেছেন। তারা ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন এসব অপরাধ চালিয়ে গেছেন। মানুষের জানমাল তখন তাদের হাতে জিম্মি ছিল। ইচ্ছা করলেই যে কাউকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রয়োগ করতেন তারা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থেকেও রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

জিয়াউল আহসানকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না মন্তব্য করে চিফ প্রসিকিউটর আরও বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া তাঁকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। তবে এ ধরনের মানুষকে শুধু ক্যান্টনমেন্ট নয়, পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন। বিষয়টি হয়তো পরবর্তী তদন্তে আরও স্পষ্ট হবে।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে নিজের ‘পারসোনা নন গ্রাটা’ মন্তব্যের ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। তাঁর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।

মামলার অভিযোগ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা ও দায় আদালতের রায়ের মাধ্যমে নির্ধারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।