‘ঢাকাকে সুন্দর’ করার উদ্যোগ শুধু রাস্তা, ভবন কিংবা অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না—এর জন্য মানুষের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও আচরণেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘ঢাকা নাট্য উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘ঢাকা শহরটাকে যতই সুন্দর করতে চাই না কেন, আমি যদি মন থেকে সুন্দর না হই, ভালো মানুষ না হই, তাহলে আমার নেতৃত্বে যারা আছেন তারাও ভালো হবেন না, সমাজও ভালো হবে না।’
মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে সমাজে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। তরুণদের একটি অংশ বয়োজ্যেষ্ঠদের যথাযথ সম্মান করছে না। এমনকি অনেক সময় মুখের ওপর যা ইচ্ছা তা বলে দিচ্ছে। এ ধরনের আচরণ ব্যক্তি ও সমাজজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে নতুন প্রজন্মের মধ্যে আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। সুন্দর শহরের পাশাপাশি সুন্দর সমাজ গড়ে তুলতেও মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি।
‘রাজনীতি হয়ে গেছে ক্ষমতানির্ভর, অর্থনির্ভর’
রাজনীতির বর্তমান চিত্র তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘আগে আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করতাম। বর্তমানে রাজনীতি হয়ে গেছে ক্ষমতানির্ভর, অর্থনির্ভর। কী পাব, কী পেলাম, কী পেলাম না—এই হিসাব করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে।
তার মতে, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের জন্য রাজনীতি ও সামাজিক জীবনে আদর্শ ও মূল্যবোধের চর্চা পুনরুদ্ধার করা প্রয়োজন।
পুরান ঢাকার ঐতিহ্য বিশ্বজুড়ে তুলে ধরার তাগিদ
পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকার রয়েছে দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি। এখানকার ভাষা ও সংস্কৃতিও গর্ব করার মতো। কিন্তু দেশ-বিদেশে পুরান ঢাকার ঐতিহ্য যেভাবে তুলে ধরা প্রয়োজন ছিল, সেভাবে তা হয়নি।
তিনি বলেন, ঢাকা অনেক পুরোনো রাজধানী। অথচ ঢাকার ইতিহাস ও ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি। ঢাকা শুধু একটি শহর নয়, এটি সারাদেশের রাজধানী। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বসবাস করেন। তাই সবাইকে ঢাকাকে নিজের শহর মনে করতে হবে। তাহলেই এই শহরের প্রতি মানুষের দায়িত্ববোধ তৈরি হবে।
নাট্য উৎসবে থাকছে সপ্তাহব্যাপী আয়োজন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
ঢাকা নাট্য উৎসব ২০২৬ উপলক্ষে ১৬ থেকে ২৩ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে নাটক প্রদর্শিত হবে। পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চে নৃত্য, সংগীত, নাটক ও আবৃত্তি পরিবেশিত হবে।
