রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানান, নিহত শাকিলের স্ত্রী ফারজানার ভাষ্য অনুযায়ী, শাকিল পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে হেরোইন সেবনে আসক্ত ছিলেন। তাঁদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারটি হাজারীবাগে ভাড়া বাসায় বসবাস করলেও কয়েক মাসের ভাড়া বকেয়া পড়ে যাওয়ায় প্রায় তিন মাস আগে ফারজানা সন্তানকে নিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজারে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই শাকিল পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাসমান জীবনযাপন করছিলেন।

ওসি আরও জানান, শাকিলের শরীরে অন্য কোনো আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সুধা সদনের একটি ফাঁকা কক্ষের দরজার কাঠের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি সুধা সদনে কেন গিয়েছিলেন—এ প্রশ্নের জবাবে ওসি বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভবঘুরেদের আনাগোনা ছিল। ধারণা করা হচ্ছে, নিরিবিলি পরিবেশ পেয়ে সেখানেই তিনি গলায় ফাঁস দেন।

নিহতের ভাই সাইদুল ইসলাম জানান, তাঁর ভাই গুরুতর মাদকাসক্ত ছিলেন। গত তিন মাস ধরে পরিবারের কারও সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। এমনকি স্ত্রীর সঙ্গেও খুব একটা কথা হতো না। তিনি কোথায় এবং কীভাবে থাকতেন, সে সম্পর্কেও পরিবারের কেউ অবগত ছিলেন না।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল প্রায় ১১টার দিকে সুধা সদনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও প্রযুক্তির সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরে স্বজনদের খবর দেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম ছিল ‘সুধা মিয়া’। তাঁর নামানুসারেই ধানমন্ডির এই বাসভবনের নাম রাখা হয় ‘সুধা সদন’।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুধা সদনে কয়েক দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।