শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন নেতৃত্বে এগিয়ে চলার অঙ্গীকার, সাফল্যের নতুন অধ্যায়ে গুলশান টোস্টমাস্টার্স ক্লাব

স্টাফ রিপোর্টার
জুলাই ২, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক স্বীকৃতির পর ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব নিল নতুন কমিটি; লক্ষ্য আরও দক্ষ বক্তা ও নেতৃত্ব তৈরি। ফাইল ছবি

ইংরেজি ভাষায় পাবলিক স্পিকিং, নেতৃত্ব বিকাশ এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে দেশের অন্যতম সক্রিয় সংগঠন গুলশান টোস্টমাস্টার্স ক্লাব ২০২৫-২৬ মেয়াদে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। একই সময়ে সদস্যদের ব্যক্তিগত সাফল্যও ক্লাবটির অর্জনের পালকে নতুন মাত্রা যোগ করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

বিদায়ী বছরে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল নির্ধারিত শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন, কর্মকর্তা প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমসহ মোট ১০টি লক্ষ্য সফলভাবে পূরণ করে ক্লাবটি সর্বোচ্চ স্বীকৃতি ‘স্মেডলি ডিস্টিংগুইশড ক্লাব’ মর্যাদা অর্জন করে। পাশাপাশি সদস্যসংখ্যা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য অর্জন করে ‘স্মেডলি অ্যাওয়ার্ড’ এবং ‘টক আপ অ্যাওয়ার্ড’।

শুধু আন্তর্জাতিক নয়, ডিস্ট্রিক্ট ১২৪-এর অধীনেও বিদায়ী বছরে ক্লাবটির সাফল্য ছিল ঈর্ষণীয়। তারা অর্জন করে ‘সুপার এইট অ্যাওয়ার্ড’, ‘গোল্ডেন গ্যাভেল’ সম্মাননা এবং ‘হল অব ফেম’-এ স্থান। এক বছরের ব্যবধানে এসব গুরুত্বপূর্ণ অর্জনের মাধ্যমে গুলশান টোস্টমাস্টার্স ক্লাব বাংলাদেশের টোস্টমাস্টার্স অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করেছে।

সদস্যদের সাফল্যে উজ্জ্বল ক্লাব

ক্লাবটির সদস্যদের ব্যক্তিগত অর্জনও ছিল প্রশংসনীয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ভারতের উত্তর প্রদেশের নয়ডায় অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেন সদস্য ওয়াহিদা জামান সিথি। ভারত, বাংলাদেশ ও ভুটানের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

অন্যদিকে নেতৃত্ব, শিক্ষা কার্যক্রম, সদস্য উন্নয়ন এবং ক্লাব পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ক্লাবটির সভাপতি শারমিন হোসেন সারা ‘বর্ষসেরা টোস্টমাস্টার’ নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়ে এটি একজন সদস্যের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা।

বিদায়ী সভাপতির বার্তা

বিদায়ী সভাপতি পার্থ প্রতিম দাশ বলেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হতো না। তিনি ক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ এবং নবনির্বাচিত সভাপতি শারমিন হোসেন সারা-র নেতৃত্ব ও অবদানের প্রশংসা করে বলেন, নতুন নেতৃত্ব ক্লাবের অর্জনকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদী।

বিদায়ী মেয়াদ শেষে পার্থ প্রতিম দাশ এরিয়া ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। এ দায়িত্বে তিনি বিভিন্ন টোস্টমাস্টার্স ক্লাবের নেতৃত্ব উন্নয়ন, কোচিং ও মেন্টরিং কার্যক্রম পরিচালনা করবেন।

১৭৫তম অধিবেশন ও সাত বছর উদযাপন

২০১৯ সালে যাত্রা শুরু করা গুলশান টোস্টমাস্টার্স ক্লাব সম্প্রতি রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ান-এ প্রতিষ্ঠার সাত বছর পূর্তি এবং ১৭৫তম অধিবেশন উদযাপন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন টোস্টমাস্টার্স ক্লাবের সদস্যদের পাশাপাশি ক্লাবটির সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নেন। ভারত ও নেপাল থেকে টোস্টমাস্টার্সের বিভিন্ন কর্মকর্তাও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিল-এর ডিরেক্টর তানহি ইয়াসমিন। প্যানেল আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনোয়ার হোসেইন। অনুষ্ঠানে টোস্টমাস্টার্স বাংলাদেশের ডিভিশন এফ-এর ডিরেক্টর শেখ সাদী বলেন, গুলশান টোস্টমাস্টার্স ক্লাব এখন শুধু একটি ক্লাব নয়, বরং নতুন নেতৃত্ব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

নতুন নেতৃত্ব, নতুন প্রত্যয়

২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শারমিন হোসেন সারা। সহসভাপতি (শিক্ষা) ওয়াহিদা জামান সিথি, সহসভাপতি (সদস্য) সৈয়দ নাঈমুল হোসেইন, সহসভাপতি (জনসংযোগ) নাজমুল চৌধুরী, সাধারণ সম্পাদক সুলাইমান নিলয়, ট্রেজারার মো. রাজিবুল ইসলাম এবং সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সানোয়ার হোসেন।

নবনির্বাচিত সভাপতি শারমিন হোসেন সারা বলেন, ক্লাবের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়ানো হবে। একই সঙ্গে নতুন বক্তা ও নেতৃত্ব তৈরি এবং বিশেষ করে নারীদের পাবলিক স্পিকিং ও নেতৃত্ব বিকাশে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল-এর অধীনে বাংলাদেশে প্রায় ৩০টি ক্লাব কার্যক্রম পরিচালনা করছে। ধারাবাহিক আন্তর্জাতিক স্বীকৃতি, সদস্যদের সাফল্য এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে গুলশান টোস্টমাস্টার্স ক্লাব ইতোমধ্যেই দেশের অন্যতম সফল ও অনুকরণীয় ক্লাব হিসেবে পরিচিতি লাভ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।