বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নামসর্বস্ব পত্রিকার পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কেএমপির ৩ কঠোর নির্দেশনা

খুলনা জেলা প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভুয়া পরিচয়পত্র-স্টিকার ব্যবহার করে অর্থ আদায় নিষিদ্ধ, গুজব ও অপপ্রচারেও কঠোর ব্যবস্থা। ফাইল ছবি

অনুমোদনহীন অনলাইন পোর্টাল ও নামসর্বস্ব পত্রিকার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে তিনটি সুস্পষ্ট নির্দেশনা জারি করেছে সংস্থাটি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংবাদিক কিংবা অন্য কোনো পেশার পরিচয় ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র ও স্টিকারের মাধ্যমে চাঁদাবাজি, অর্থ আদায় এবং চাপ সৃষ্টি সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে সত্যতা যাচাই ছাড়া উস্কানিমূলক, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কেএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি মহানগরীতে কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা সাংবাদিক কিংবা বিভিন্ন পেশার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে গুজব, ভিত্তিহীন তথ্য, মানহানিকর বক্তব্য এবং অপপ্রচার চালানোর অভিযোগও পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ড মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ বলে মনে করছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী জারি করা তিনটি নির্দেশনায় বলা হয়েছে—প্রথম নির্দেশনা: যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র কিংবা স্টিকার ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থ আদায় কিংবা কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন না।

দ্বিতীয় নির্দেশনা: জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে কিংবা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন সত্যতাহীন, উস্কানিমূলক ও ভিত্তিহীন সংবাদ, ছবি, ভিডিও বা বক্তব্য জনসমক্ষে কিংবা কোনো মাধ্যমে প্রচার ও প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

তৃতীয় নির্দেশনা: কোনো সরকারি-বেসরকারি দপ্তর, প্রেস ক্লাব চত্বর কিংবা জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে সমবেত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রচলিত দণ্ডবিধি ও সাইবার নিরাপত্তা আইন অনুযায়ীও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে খুলনা মহানগরীতে ভুয়া পরিচয়দানকারী, চাঁদাবাজ কিংবা অপপ্রচারকারীদের সন্ধান পেলে তাৎক্ষণিক নিকটস্থ থানা অথবা কেএমপির কন্ট্রোল রুমে (০১৩২০-০৫৮৯৯৮) যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এও তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থানকে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড এবং দায়িত্বশীল সাংবাদিকতার স্বাধীনতা—দুটিকে পৃথকভাবে বিবেচনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।