শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

শরীয়তপুর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর হোসেন। ফাইল ফটো

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডিসি কার্যালয়ের রেকর্ড রুমের সার্টিফিকেট সহকারী মো. জাহাঙ্গীর হোসেন (৪১)। নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্য তিনজন হলেন—জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর (৪৬), মো. মিজানুর রহমান মীর (৫৭) ও মো. রিপন সরদার (৫৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। পাশাপাশি তিনি সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সংঘটিত নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মীর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেপ্তার রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।

টোলপ্লাজায় অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী। এ সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক মানুষের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন সেতু পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজনই মামলার এজাহারনামীয় আসামি।

অভিযান অব্যাহত, আদালতে পাঠানো হবে গ্রেপ্তারদের

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, সোমবার দিবাগত রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।