নরসিংদীর পলাশে একটি ইটের ভাটা থেকে তুলে নিয়ে ওমর সানি নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর তাঁর মরদেহ পার্শ্ববর্তী গাজীপুরের কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইটভাটার পাশে ফেলে যায় হত্যাকারীরা।
নিহত ওমর সানি কাজৈর গ্রামের কাশেম মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ওমর সানির সঙ্গে কাজৈর গ্রামের ফায়েজ আলীর ছেলে কাদির মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে সানি কাজৈর গ্রামে ৭৭৭ নামক ইটভাটার সামনে অবস্থান করলে ইটভাটার মালিকের ভাই কাদির মিয়া দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে রশি দিয়ে বেঁধে বাড়ির পাশে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
একপর্যায়ে তাঁর মৃত্যু হলে লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইটভাটার সামনে ফেলে যায়। পরে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে, হত্যার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কাদির। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্বজনের পক্ষ থেকে পলাশ থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
