আগুনে পুড়ছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়ি। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ-সমাবেশ করেছেন বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।
পিরোজপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও আগুন
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তারাবুনিয়া এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে ৫০-৬০ জন লোক বাড়িটিতে হামলা করে। এরপর নাজিরপুর উপজেলা সদরে তাঁর আরেকটি দ্বিতল বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। চব্বিশের ৫ আগস্টের পর থেকে বাড়িটি তালাবদ্ধ পরিত্যক্ত অবস্থায় ছিল।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের তারাবুনিয়ার গ্রামের বাড়ি ও উপজেলা সদরের বাসভবনে হামলার বিষয়ে শুনেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।
সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। বুধবার বিকেলে ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জেলা শহরে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়। পরে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রাত ৯টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে।
কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর, আগুন
রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির কেয়ারটেকারের কক্ষ।
কাফরুল থানা পুলিশ জানায়, ২০-২৫ জন ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে গিয়ে ভাঙচুর করে। এ সময় একটি মোটরসাইকেল ও সোফায় আগুন দেয়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কাজী মেজবাউল হক সাচ্চু ‘আত্মগোপনে’ আছেন।
কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দিনের অফিসে অগ্নিসংযোগ
কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িসংলগ্ন ব্যক্তিগত অফিসে আগুন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় অফিসে কেউ ছিল না বলে পুলিশ জানিয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জ থানায় হামলা এবং বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে একদল যুবক বিক্ষোভ নিয়ে বাহাউদ্দিনের ব্যক্তিগত বন্ধ অফিসের গেটের ভেতর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের সামনে কাগজে ও কাঠে বোতল থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। একই রাতে নগরীর কান্দিরপাড় (রামঘাট) এলাকায় কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও আগুন দেওয়া হয়।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জ থানায় হামলা এবং তাদের দলের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন। তবে বাহাউদ্দীনের বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতারা সরাসরি কোনো মন্তব্য করেননি। তাদের ভাষ্য, বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার তিনটি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরার লাটিমী ও কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার নামক স্থানে কড়ই গাছ কেটে রাখা হয়।
খুলনায় টুঙ্গিপাড়া শব্দ মুছে দিলেন বিএনপি নেতাকর্মীরা
খুলনা-ঢাকা রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার থেকে টুঙ্গিপাড়া শব্দটি মুছে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার নগরীর সোনাডাঙ্গা ও রয়েল চত্বর কাউন্টারে গিয়ে তারা সাইনবোর্ডে ব্যানার ঝুলিয়ে ও কালি দিয়ে টুঙ্গি লেখা অংশ মুছে দেন।
চট্টগ্রামে যুবদলের মিছিল
চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ করে মহানগর যুবদল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী প্রমুখ।
খুলনা বিশ্ববিদ্যালয়ে এনটিএর সমাবেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশে উপাচার্য ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার ড. মো. নূরুন্নবী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শেখ মাহমুদুল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. খসরুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট অধ্যাপক শরীফ মোহাম্মদ খান, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।
সিলেটে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ
সিলেটে পৃথক মিছিল সমাবেশে করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। যুবদলের সমাবেশে জেলা সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় বক্তব্য দেন কয়েছ আহমদ, ইমদাদুল হক স্বপন, মকসুদুল করিম নুহেল, মাসরুর রাসেল, তাহসিন মেহেদী প্রিন্স প্রমুখ। স্বেচ্ছাসেবক দলের সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় বক্তব্য দেন আব্দুল ওয়াহিদ সুহেল, মিফতাহুল কবির মিফতা প্রমুখ।
ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
নাটোরে যুবদলের বিক্ষোভ
নাটোরে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী প্রমুখ।
নাটোরে যুবদলের বিক্ষোভ
নাটোরে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী প্রমুখ।
পিরোজপুরে বিএনপি ও যুবদলের বিক্ষোভবিএনপির রাজনৈতিক কর্মসূচি
পিরোজপুরে বিএনপির সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত উদ্দিন বেপারি, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী তোফাজ্জল হোসেন টুলু, কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি চান সরদার প্রমুখ।
অন্যদিকে যুবদলের সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব এবং চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
কাঁঠালিয়ায় বিএনপির সভায়
ঝালকাঠির কাঁঠালিয়ায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন প্রমুখ।
মাধবপুরে বিএনপির সভা
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল কামাল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।
মাধবপুরে বিএনপির সভা
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল কামাল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।
জিয়ানগরে বিএনপির বিক্ষোভ মিছিল
জিয়ানগর উপজেলায় ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুল কবির হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
(অফিস, ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য)
