বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেস কাউন্সিল আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, সাংবাদিক নিবন্ধন ও জরিমানার বিধান আসছে

স্টাফ রিপোর্টার
জুলাই ৮, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি-সংগৃহীত

১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী ও আরও কার্যকর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালু এবং মিথ্যা, হয়রানিমূলক ও নীতিনৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার কিংবা অনৈতিক কার্যক্রমকে সরকার সমর্থন করে না। এ বাস্তবতায় প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদের গেজেট প্রকাশের দিন থেকেই তা বাস্তবায়ন করা হয়েছে। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের মধ্যে আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য সৃষ্টি হওয়ায় নবম মজুরি বোর্ড এখনো পুরোপুরি কার্যকর হয়নি। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে তিনি বলেন, পডকাস্ট, ব্লগিং এবং ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের বিষয়বস্তু, প্রচার ও প্রকাশের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি-বিধান এবং নীতিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ৮৪টি শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে। এসব শিল্পনগরীতে মোট ১৩ হাজার ৩৬৪টি শিল্পপ্লট রয়েছে। এর মধ্যে ১১ হাজার ৬৮৭টি প্লটে ৬ হাজার ৩৫৮টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, যেখানে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।