সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় ও ইয়াতিম শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার মহতী প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রা শুরু করেছে ‘আনন্দ মহল অনাথ আশ্রম’। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি)-এর অর্থায়নে ফুলবাড়ী উপজেলার সুজাপুরে প্রতিষ্ঠিত এ আশ্রমটি শিশুদের মানবিক ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে আশ্রমটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি লিমন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) তয়ন কুমার মন্ডল এবং ফুলবাড়ী উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।
এ সময় সংস্থার আটটি জেলার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অথচ যথাযথ পরিচর্যা, শিক্ষা, ভালোবাসা ও নিরাপদ পরিবেশের অভাবে অনেক শিশু স্বাভাবিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এসব শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে ‘আনন্দ মহল অনাথ আশ্রম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, শিশুদের শুধু আশ্রয় দেওয়াই যথেষ্ট নয়; তাদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতার আলোয় আলোকিত করতে হবে। তাদের যোগ্য, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং অধিকার সুরক্ষায় একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায় ‘আনন্দ মহল অনাথ আশ্রম’। এ মহতী উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল মানুষ, জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীদের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
সচেতন এলাকাবাসীর প্রত্যাশা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এ আশ্রমটি ফুলবাড়ীসহ দিনাজপুর অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে। অনিশ্চিত জীবনের অন্ধকার পেরিয়ে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেবে সুবিধাবঞ্চিত শিশুদের—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
