বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০১-এর মালিকানা ও রেজিস্ট্রেশন শাখায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ, দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা

নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ঢাকা মেট্রো সার্কেল-০১-এর মালিকানা ও রেজিস্ট্রেশন শাখায় অনিয়ম, দালালচক্রের দৌরাত্ম্য এবং অবৈধ অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও সক্রিয় দালালচক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির শিকার হতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক মো. শেখ রাসেল বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। অভিযোগে ইয়ামাহা, এসিআই, সুজুকি ও হোন্ডাসহ কয়েকটি প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মালিকানা শাখার মোটরযান পরিদর্শক মো. খুলুদের বিরুদ্ধে দালালদের মাধ্যমে প্রতিটি মালিকানা হস্তান্তরে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, দালালের শরণাপন্ন না হলে সাত দিন ঘুরেও মালিকানা সংক্রান্ত স্লিপ পাওয়া যায় না। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।

এছাড়া, সাবেক আনসার সদস্য পরিচয়ধারী নাজমুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে দালালি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের দাবি, তিনি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছেন। অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি গোপালগঞ্জে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিআরটিএর সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে একদিকে যেমন অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, অন্যদিকে দালালচক্রের কারণে সেবা পেতেও দীর্ঘসূত্রিতা ও অনাকাঙ্ক্ষিত জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। এতে সরকারি সেবা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীরা।

উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ মাত্র। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সেবাগ্রহীতা ও সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।