রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় গেছে বলেই তো ভিসি হয়েছি: জবি উপাচার্য

সমতল মাতৃভূমি ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন। ছবি: সংগৃহীত

বিএনপি পাওয়ারে গেছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন।

শুক্রবার জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়।

উপাচার্য বলেন, ‘৫ আগস্টের পরে আমরা দেখেছি, তাদের পরিচয় কী আর কাজ কী, সেটাও দেখেছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে। আওয়ামী লীগের সেই ১৭ বছরের জুলুম সহ্য করেও আমি সেই পরিচয়ের কথা বলেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার কারণ ব্যাখ্যা করে রইছ উদ্‌দীন বলেন, ‘দোয়া চাইতে হবে আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, এই দেশকে যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা কোন শ্রেণির নাগরিক, তা নিজেরাও বুঝতে পারেননি। তাদের বাক্‌স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা ও মানুষ হিসেবে বেঁচে থাকার স্বাধীনতা ছিল না। এ কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হয়েছে। ছাত্র-জনতা সেই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আল্লাহ তাদের দীর্ঘদিনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন।

উপাচার্য আরও বলেন, ‘এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং উন্নতি যদি প্রত্যাশা করে থাকেন, তাহলে আমাদের স্বার্থেই বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।

দেশের সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত দুই বছর অনেকেই নির্বিঘ্নে দেশে বসবাস করেছেন। কিন্তু গত কিছুদিন ধরে নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান জানিয়ে রইছ উদ্‌দীন বলেন, ‘১৫-১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ এই বাংলাদেশে কারও দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়। যারা সুনাগরিক, আপনাদের সকলের রুখে দাঁড়ানো উচিত, সবাইকে প্রতিবাদ করা উচিত।

তারেক রহমানের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা দেশের স্বার্থেই প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।