ই-ভ্যাট সার্ভারে অতিরিক্ত চাপ, নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারায় করদাতাদের জন্য ছয় দিনের বাড়তি সুযোগ; দিতে হবে না সুদ-জরিমানা। ছবি: সমতল মাতৃভূমি
অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও ছয় দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনবিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার (১৫ নভেম্বর) ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম বিঘ্নিত হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক করদাতা।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনস্বার্থে অক্টোবর কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ফলে বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের কোনো সুদ কিংবা জরিমানা গুনতে হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(২) ধারায় জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া ক্ষমতাবলে এ সময়সীমা বাড়ানো হয়েছে।
এনবিআরের এ সিদ্ধান্তের ফলে ই-ভ্যাট সার্ভারের কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা বাড়তি ছয় দিন সময় পাচ্ছেন। আগামী ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়ে অতিরিক্ত সুদ ও জরিমানার ঝুঁকি ছাড়াই ভ্যাটসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণের সুযোগ থাকছে তাদের।
