মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’—ফেসবুকে স্ট্যাটাসের ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিহত শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। চুয়াডাঙ্গায় দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নাকি পেছনে অন্য কোনো কারণ—তদন্তের দাবি স্বজন ও সহপাঠীদের। ফাইল ছবি

চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ায় ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’—এমন স্ট্যাটাস দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে নিজ ঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মাওয়া আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জান্নাতুল মাওয়া। সেখানে তিনি লেখেন, ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে।’ এর প্রায় পাঁচ ঘণ্টা পর ভোর সাড়ে ৪টার দিকে ঘটে মর্মান্তিক ঘটনা।

পরিবারের সদস্যরা জানান, ভোরে জান্নাতুল মাওয়ার বাবা শরিফুল ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি মেয়ের ঘরে আলো জ্বলতে দেখেন। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাস ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জান্নাতুল মাওয়ার আকস্মিক মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও এলাকাবাসী। সহপাঠীদের অনেকের দাবি, জান্নাতুল মাওয়া আত্মহত্যা করার মতো মেয়ে ছিলেন না। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

বিশেষ করে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসের বক্তব্য কী ইঙ্গিত বহন করে, কার উদ্দেশে তা লেখা হয়েছিল এবং এর সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর জানতে চান স্বজন ও সহপাঠীরা। তারা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. মনিরুজ্জামান বলেন, জান্নাতুল মাওয়া নামে এক কলেজছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সদর হাসপাতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে আত্মহত্যায় প্ররোচনার কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসের অন্তর্নিহিত বক্তব্য ও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হওয়া প্রশ্নের নিরপেক্ষ তদন্তই এখন প্রত্যাশা স্বজন ও সহপাঠীদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।