মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতা, রূপনগর ও খিলগাঁওয়ে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও সৈনিক লীগের নেতাসহ ৪ জন আটক, খিলগাঁওয়ে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের আরও ৩ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মিরপুরের রূপনগর ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোরে মিরপুরের রূপনগর থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), মো. জাহিদ (২৬) ও গোলাম রাব্বি (২২)।

সোমবার দুপুরে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে রাজধানীর খিলগাঁওয়ে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগী সুমন (২৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুই এলাকায় পৃথক অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তারের ঘটনায় রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা ঘিরে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকার বিষয়টি সামনে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।