১৯ জনের চুক্তি বাতিল, ১৭ জনের স্বেচ্ছায় পদত্যাগ; সাময়িক বরখাস্ত ২, দায়িত্ব থেকে অব্যাহতি ১৪ জনের। ফাইল ছবি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের প্রকল্প ও কার্যক্রমে অনিয়মের অভিযোগ পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে ৬১ জন কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জন পরামর্শকের চুক্তি বাতিল, ১৭ জনের স্বেচ্ছায় পদত্যাগ, দুজন কর্মকর্তার সাময়িক বরখাস্ত এবং ১৪ জন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনের বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, আইসিটি বিভাগের গত দেড় দশকের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে অনিয়ম পর্যালোচনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়। ওই শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এসব প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি সংসদকে জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন পরামর্শকের চুক্তি বাতিল করা হয়েছে। একই প্রতিষ্ঠানে ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এ ছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফকির মাহবুব আনাম আরও জানান, আইসিটি বিভাগের বিভিন্ন অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কয়েকটি চলমান তদন্তে বিভাগ থেকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।
গত দেড় দশকে নেওয়া বিভিন্ন প্রকল্প পর্যালোচনার অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যালোচনার ভিত্তিতে প্রকল্প থেকে অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পগুলোর পুনর্বিন্যাস এবং পরিসর সংশোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, আইসিটি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পের ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে নিবিড় পরিবীক্ষণ করা হচ্ছে।
শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে এসব পদক্ষেপের মাধ্যমে আইসিটি বিভাগের প্রকল্প পরিচালনা, প্রশাসনিক জবাবদিহি ও ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
