বিভিন্ন দপ্তর থেকে ধরে আনার অভিযোগ ছাত্রদল-ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে, বাংলা বিভাগ থেকে শেখ মুজিবের প্রতিকৃতিও জব্দ। ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, অভিযানের একপর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠন দুটির নেতাকর্মীরা।
আটক পাঁচ কর্মকর্তা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ অভিযান চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে আওয়ামী লীগের যেসব কর্মকর্তা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো অ্যাকটিভিজম চালিয়ে যাচ্ছেন, তাঁদের সঙ্গে কোনো ধরনের আপস নেই। সেটা আমরা হই বা অন্য কেউ—যেই এটা করবে, আমরা তাঁদের বিরুদ্ধে অবস্থান নেব। সেই জায়গা থেকেই আজকের অভিযান চালানো হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাদের আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।’
অভিযান ও কর্মকর্তা আটকের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রিয়াশীল সব সংগঠনকে সঙ্গে নিয়ে তাঁরা কাজ করেছেন। যেকোনো ধরনের মববাজির বিরুদ্ধেও তাঁদের অবস্থান ছিল।
তিনি বলেন, ‘সব সময় ধৈর্য ধারণ করেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’
মেহেদী হাসান হিমেল আরও বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তাঁরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে বলেও তাঁদের অভিযোগ। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের অর্থ দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আটক ব্যক্তিদের প্রশাসনের হাতে তুলে দিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রদলের এই নেতা।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া সামগ্রিক ঘটনা ও পাঁচ কর্মকর্তাকে হস্তান্তরের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত রাজনৈতিক সম্পৃক্ততা ও সহিংসতায় অর্থায়নের অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর স্বাধীন যাচাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের পরই এ বিষয়ে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হবে।
