যাত্রী নামানোর পরপরই অগ্নিসংযোগ, প্রাণে রক্ষা চালক-হেলপারসহ যাত্রীরা; পুড়ে ছাই বাস। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পরপরই রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বরে টেকনিক্যালগামী সড়কের ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, যাত্রী নামানোর জন্য বাসটি বাসস্ট্যান্ডে থেমেছিল। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে ওঠা দুর্বৃত্তরা গানপাউডারজাতীয় পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, আগুন লাগার পরপরই বাসে থাকা চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-১ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাসে অগ্নিসংযোগের ঘটনায় আটক দুজনের পরিচয় ও এর পেছনের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
