রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে

স্টাফ রিপোর্টার
জুলাই ১৮, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

যানজট নিরসনে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ, ডিএনসিসিকে ট্রাফিক বিভাগের চিঠি। ফাইল ফটো

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ১.০৮৪০ একর সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখেছে আবাসন প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি নথিপত্র অনুযায়ী, মহাখালী বাস টার্মিনালের পূর্ব পাশে ইস্টার্ন হাউজিংয়ের মোট ৩.৪১৩৩ একর জমির মধ্যে বৈধ মালিকানাধীন জমির পরিমাণ ১.৭৫ একর। তবে বাস্তবে প্রতিষ্ঠানটি প্রায় ২.৮ একর জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, যার মধ্যে সওজের ১.০৮৪০ একর সরকারি জমিও অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি বাস চলাচল করায় মহাখালী বাস টার্মিনালে তীব্র জায়গার সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত স্থান না থাকায় চালকদের অনেকেই বাধ্য হয়ে প্রধান সড়কেই বাস পার্কিং করছেন। এর ফলে মহাখালী ফ্লাইওভার, আমতলী ও গুলশান লিংক রোডে প্রতিদিন দীর্ঘ ও অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে, যা নগরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

অথচ টার্মিনালের ঠিক পাশেই সওজের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি অবৈধ দখলে পড়ে থাকায় তা জনস্বার্থে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

এই বাস্তবতায় যানজট নিরসন এবং মহাখালী বাস টার্মিনালের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অবৈধ দখলে থাকা সরকারি জমি দ্রুত উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমিটি সাময়িকভাবে মহাখালী বাস টার্মিনালের নামে বরাদ্দ দেওয়ার জন্য পুলিশের ট্রাফিক বিভাগ সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-কে চিঠি দিয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি জমি দখলমুক্ত করে জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করা গেলে মহাখালী এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।