ছবি: ভিডিও থেকে সংগৃহীত
ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের থানা থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের পাশে একটি চায়ের দোকানে উপজেলা পরিষদের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। পরে লাঠিসোঁটা হাতে শত শত মানুষ থানার সামনে জড়ো হয়ে ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে উত্তেজনা আরও বাড়ে। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ ব্যক্তিরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং থানার কিছু অংশে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় হামলাকারীরা থানায় নিয়ে যাওয়া গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন। একপর্যায়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ভবন থেকে কিছুটা দূরে সরে গিয়ে অবস্থান নেন।
এদিকে থানা চত্বরের পাশের পুলিশ মেসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে কোনো অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি।
ঘটনার পর থানার নিরাপত্তা পরিস্থিতি, অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতি এবং গ্রেপ্তার ব্যক্তিদের অবস্থান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব বিষয়ে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
