মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিষয়ে মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে কথা বলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, হামলার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। বিভিন্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, এ ধরনের ঘটনা সরকার চায় না, তাঁরাও চান না। ঘটনায় যে-ই জড়িত থাকুক, তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জায়গা নিয়ে বিরোধ আদালতেই নিষ্পত্তির কথা
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের জায়গাটি নিয়ে বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছিল বলেও অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে জায়গাটি দখলে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, জায়গাটি নিয়ে কোনো সমিতি ও এমসিএইচ-এফপি সেন্টারের মধ্যে আইনি বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। জায়গা বা স্থাপনা নিয়ে কোনো সমস্যা থাকলে সেটি আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে।
ভাঙচুরের পর সেখানে টিকাদান কর্মসূচি চালু রাখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে ইতিমধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা তাঁদের কার্যক্রম চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের যতটুকু সহযোগিতা প্রয়োজন, তা করা হবে।
‘দীর্ঘ সময় ধরে ভাঙার ঘটনা ঘটলেও ঠেকানো গেল না কেন?’
দীর্ঘ সময় ধরে একটি স্থাপনা ভাঙার ঘটনা ঘটলেও প্রশাসন কেন তা ঠেকাতে পারেনি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, সেখানে পুরোপুরি কোনো ভবন ছিল না। টিনশেডের মতো স্থাপনা ছিল। তাঁর জানা মতে, জায়গাটি কাঁচাবাজার ও সেমিপাকা ধরনের ছিল। সেখানে কোনো ভবন বা স্থাপনা ছিল না।
তবে তিনি বলেন, যে-ই এ ঘটনা ঘটিয়ে থাকুক, তাঁদের সমর্থন নেই। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যরাতে হামলা, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হয় স্থাপনা
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নেয়।
বৃহস্পতিবার রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ভবনটি
এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে একটি দোকানদার সমিতির সাইনবোর্ড লাগানো হয় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শুক্রবার সকালে জানান, হামলা ও ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁর দাবি, ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
তিনি জানান, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি প্রায় ৫০ বছর ধরে এলাকার দরিদ্র, অসহায় ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। এটি এলাকার হাজারো নারী ও শিশুর স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
ডা. নাসরিন আখতারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি একটি দোকানদার সমবায় সমিতির ব্যানারে ক্লিনিকে হামলা চালায়। তারা কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে ক্লিনিকটি দখলে নিয়ে সাধারণ মানুষের প্রবেশে বাধা দেওয়া হয়।
টিকা, ওষুধ থেকে আল্ট্রাসনোগ্রাম—লুটের তালিকায় নানা সরঞ্জাম
প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়।
এ ছাড়া একটি জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির যন্ত্রপাতি ও রিএজেন্ট, দুটি টিভি, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র লুট করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। প্রতিষ্ঠানটির দাবি, লুটপাট ও ভাঙচুরে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
হাম-রুবেলা কর্মসূচির আগেই স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে
ঘটনার পর ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুর কথা থাকলেও তার আগেই স্বাস্থ্যকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত ও দখলের অভিযোগ ওঠায় স্বাস্থ্যসেবা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে।
তবে শনিবার থেকেই স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ত্রিপল টানিয়ে অস্থায়ীভাবে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। শিশুদের হামসহ নিয়মিত টিকা দেওয়া হচ্ছে সেখানে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, হামলাটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; দেশের দরিদ্র, শিশু ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপরও আঘাত।
ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দুটি দাবি প্রতিষ্ঠানের
ঘটনার পর সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দুটি দাবি জানিয়েছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। এগুলো হলো—হামলায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সম্পূর্ণ ক্ষতি পূরণ করে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করা।
মামলা হয়েছে, তদন্ত চলছে
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।
ঘটনার বিষয়ে ডিএমপির শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, রাড্ডা নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে জড়ো হয়ে থাকতে দেখেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ডিএনসিসি প্রশাসক জানিয়েছেন, মামলার তদন্তের পাশাপাশি বিভিন্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জায়গা বা স্থাপনা নিয়ে কোনো বিরোধ থাকলেও সেটি আইন নিজের হাতে তুলে নিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির কথা জানিয়েছেন তিনি।
