নাসিরনগর থানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুদিন পর ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি মাধবপুর উপজেলার ‘মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসা’র সুপারিনটেনডেন্ট (সুপার) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শনিবার বিকেলে নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে এসে সেটি ফরিদুল রহমানের বলে শনাক্ত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, মাদ্রাসা সুপার ফরিদুল রহমান নিখোঁজের বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, ‘দুদিন আগে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ ডোবা থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
