সোনাগাজী উপজেলার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং যোগাযোগ, পানি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক অবকাঠামোর উন্নয়নে পাঁচ দফা দাবি জানিয়েছে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম। দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যকর উদ্যোগ কামনা করেছেন সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সোনাগাজীর সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে সমিতির পক্ষ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. লালপুলে ফ্লাইওভার নির্মাণ।
২. মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ।
৩. মঙ্গলকান্দি (ডাকবাংলা) ২০ শয্যাবিশিষ্ট বন্ধ হাসপাতাল চালু করা।
৪. কুঠিরহাটে একটি প্রশাসনিক থানা ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা।
৫. সোনাগাজী হাসপাতাল আধুনিকীকরণ করা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সোনাগাজী উপজেলার বিপুল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পানি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তারা বলেন, লালপুলে ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট ও যোগাযোগসংক্রান্ত দুর্ভোগ কমার পাশাপাশি সোনাগাজীর সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ আরও সহজ হবে। একইভাবে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ হলে পানি নিয়ন্ত্রণ ও কৃষি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, মঙ্গলকান্দি (ডাকবাংলা) এলাকার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয় জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটি পুনরায় চালু করার পাশাপাশি সোনাগাজী হাসপাতালকে আধুনিকায়নের মাধ্যমে উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান তারা।
এ ছাড়া কুঠিরহাটে প্রশাসনিক থানা ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে বক্তারা বলেন, এতে ওই এলাকার মানুষের প্রশাসনিক ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়িত হলে সোনাগাজীর যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পানি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সুবিধা ও জননিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে। জনস্বার্থে দাবিগুলোকে গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনাগাজী সমিতি, চট্টগ্রামের সহ-সভাপতি সাইফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সাজ্জাদুল হক, গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিঞা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, নির্বাহী সদস্য মহিউদ্দিন হেলাল, মহিউদ্দিন মজনুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
