রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোরিয়ান মার্টে এনবিআরের অভিযান: ৪৬ কোটি টাকার বেশি বিক্রয়, ভ্যাট ফাঁকি ৩ কোটি ১৯ লাখ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইনভিত্তিক প্রসাধনী পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট বাংলাদেশের ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) কমিশনারের নির্দেশনায় এবং পল্লবী বিভাগের কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর মিরপুর-১১ নম্বরে অবস্থিত কোরিয়ান মার্টে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা ও বিভিন্ন দলিলপত্রের তথ্য খতিয়ে দেখা হয়। এসব তথ্য পর্যালোচনায় ভ্যাট ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।

পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ ইস্যু করে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলপত্রের তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়।

জব্দ করা দলিলপত্র যাচাইয়ের পর বেরিয়ে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। ভ্যাট বিভাগের দাবি, সেখানে নিয়মবহির্ভূত মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার বিক্রয় তথ্য পাওয়া গেছে।

এসব বিক্রয়ের বিপরীতে মোট ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।