অপরিশোধিত ভ্যাট ৪৬ কোটি ৮০ লাখ টাকা, জরিমানা ২৩ কোটি ৫০ লাখ টাকা। ফাইল ফটো
রহিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার বেশি ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। দীর্ঘ শুনানি ও যাচাই-বাছাই শেষে ফাঁকির অর্থ ও জরিমানা নির্ধারণ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জের কাঁচপুর-সোনারগাঁও এলাকায় অবস্থিত রহিম এনার্জি লিমিটেড একটি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ ও বিতরণ করে আসছে।
এনবিআরের তথ্য বলছে, ২০২১ সালের মে মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ বিতরণের বিপরীতে প্রতিষ্ঠানটির মোট সেবা মূল্যের পরিমাণ দাঁড়ায় ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী, এই সেবা মূল্যের ওপর ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা। অথচ ওই সময়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে জমা দিয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা।
ফলে অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা। বিপুল পরিমাণ এই রাজস্ব পরিশোধ না করার অভিযোগে রহিম এনার্জির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা দায়ের করে নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট।
মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে শুনানিতে অংশ নিয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে শুনানিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে গত ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়। এতে অপরিশোধিত ভ্যাট বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে রহিম এনার্জি লিমিটেডের কাছে সরকারের পাওনা হিসেবে নির্ধারণ করা হয়েছে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা।
এনবিআরের এই আদেশের মধ্য দিয়ে রহিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির বিষয়টি প্রশাসনিকভাবে প্রমাণিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
