শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭, উদ্ধার দেশীয় অস্ত্রের ভাণ্ডার

স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদাবর থানা-পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজের ঢালে মুজিবর মিয়ার বাসার দক্ষিণ পাশের একটি সরু গলিতে কয়েকজন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে আদাবর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাত ১১টা ৫০ মিনিটে সাতজনকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় তাদের কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ১৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা লোহার চাপাতি, একটি ২২ ইঞ্চি লম্বা স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি (দৈর্ঘ্য ২২ দশমিক ৫ ও ২০ ইঞ্চি), একটি ২৭ ইঞ্চি লম্বা লোহার পাইপযুক্ত কুড়াল এবং একটি ২৮ দশমিক ৫ ইঞ্চি লম্বা লোহার শাবল উদ্ধার করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকার মাধ্যমে উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং আদাবর থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।

এ ঘটনায় আদাবর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, তারা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীতে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।