মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল (ছবি-সংগৃহীত)
রাজধানীর মহাখালী ও শেরেবাংলা নগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই হওয়া এসব কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মহাখালী এলাকায় চারজনকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে মূল সড়কে ১০ থেকে ১৫ জনের একটি দল আকস্মিকভাবে মিছিল বের করে। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সড়ক প্রদক্ষিণ করেন এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, কোনো দাবি-দফা নয়, হঠাৎ করেই ঝটিকা মিছিলের চেষ্টা চালায় তারা। দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— মিজানুর রহমান, শামীম আরা বেবি, মনির ও জুয়েল। অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে পৃথকভাবে শেরেবাংলা নগর এলাকায়ও একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। গণভবন সংলগ্ন সড়ক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “মিছিল হয়েছে বলে খবর পেয়েছি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
