লন্ডনের অক্সফোর্ড ইউনিয়নের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে নাটকীয় উত্তেজনা, বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহর সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ অন্তত তিনজনকে আটক করা হয়।
মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে হট্টগোল, ডিম নিক্ষেপ ও উত্তেজনা
সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে (মায়েদা গ্রিল রেস্টুরেন্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থানরত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাসনাত আবদুল্লাহর আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিকেল থেকে অনুষ্ঠানস্থলের বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে জড়ো হন। অন্যদিকে এনসিপির সমর্থকরাও অবস্থান নেন ভেন্যুর সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ রাত ৯টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় বিক্ষোভকারীরা ডিম ছুড়তে থাকলে তিনি দ্রুত হলের ভেতরে প্রবেশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ, আটক ৩
উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানস্থলের বাইরে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতির একপর্যায়ে পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে।
এলেম পার্কেও উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি
এর আগে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কেও হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।
সেখানেও তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় এক নেতার গায়ে ডিম লাগে। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন।
প্রবাসের মাটিতে রাজনৈতিক উত্তাপ
একই দিনে লন্ডনের দুটি স্থানে ঘটে যাওয়া এসব ঘটনা প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক বিভাজন ও উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং পুলিশি হস্তক্ষেপের ঘটনায় যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
