শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদান

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর জানিয়েছেন দুজনই।

ইনস্টাগ্রামে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ওমর আবদুল্লাহ লিখেছেন, গতকাল একটি নতুন যাত্রা শুরু হল। আর স্বামীর পোস্টের জবাবে ৪৯ বছর বয়সী নিধি লেখেন, ‘ইটস ডান ব্রো।’ তার এই মজার মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। এক্সে (সাবেক টুইটার) নিধি রাজদানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ। ছবির ক্যাপশনে লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেন তিনি।

জানা গেছে, জমকালো আয়োজনের পরিবর্তে ঘরোয়া পরিবেশেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শ্রীনগরে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ, তার তিন বোন ও পরিবারের অন্য সদস্যরা। নিধির বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও অনুষ্ঠানে অংশ নেন।

নিধি রাজদান ভারতের পরিচিত সাংবাদিকদের একজন। অন্যদিকে ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মীরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দুই ভিন্ন পেশার পরিচিত এই দুই মানুষের বিয়ের খবর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এর আগে পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন ওমর। তাদের দুই ছেলে রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পারস্পরিক সমঝোতার পর চলতি বছরের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেন। সেই অধ্যায়ের পর এবার নিধি রাজদানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন ওমর আবদুল্লাহ।

সূত্র: এনডিটিভি ও আউটলুক ইন্ডিয়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।