শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না, জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১–দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ডা. শ‌ফিকুর রহমান। ছবি: সংগৃহীত

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রী জাপান সফরে কী উদ্দেশ্যে গিয়েছিলেন এবং কী চুক্তি বা সমঝোতা করে এসেছেন, তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো ধরনের লুকোচুরি হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন জামায়াত আমির।

ভারত ও আওয়ামী লীগের অতীত সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বিএনপি সরকারকে সতর্ক করে তিনি বলেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন তারা ভোগ করছে। তাদের তো দিদি-দাদা ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাওয়া যাবে না।

শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১-দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে জোটটি। আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশে জামায়াত আমির বলেন, সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই দাবি বাস্তবায়ন করা হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দলীয়করণের মতো সমস্যাগুলো তৈরি হতো না।

বিএনপি সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে, মানুষকে আশাহত করেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। অতীত থেকে শিক্ষা না নিয়ে তারা বরং নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে।

‘সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না’

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘আমরা চাই দেশটা ভালোভাবে চলুক। সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না।’

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন ও বিভিন্ন করপোরেশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে সব টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন তারা। জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে এবং জনগণকে অসম্মান করছে।

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১-দলীয় ঐক্যের নেতারা।

সমাবেশ শেষে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চের কর্মসূচি শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।