বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে: দুদক সচিব

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাগুলোতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। মামলার সাক্ষ্য-প্রমাণসহ প্রয়োজনীয় সব তথ্য আদালতকে জানাবে দুদক। আদালত নথিপত্র পর্যালোচনা করে গ্রেপ্তারের প্রয়োজন মনে করলে সে অনুযায়ী আদেশ দেবেন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

শেখ হাসিনা দেশে ফিরলে দুদকের মামলার আসামি হিসেবে তার বিষয়ে কমিশন কী পদক্ষেপ নেবে- জানতে চাইলে দুদক সচিব বলেন, এ ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বিশেষ বিবেচনায় নেওয়া হবে না। আইনি প্রক্রিয়ায় যার ক্ষেত্রে যে ব্যবস্থা প্রযোজ্য, সেটিই নেওয়া হবে। দুদকের কাছে সব মামলার আসামি সমান।

সাইদুর রহমান খান বলেন, ‘আমরা যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছি, তাই আমরা আশা করব, তিনি নিজেকে আইনের কাছে সোপর্দ করবেন। এটা আমাদের প্রত্যাশা। আমরা মনে করি, তিনি ফিরে এসে তার বিরুদ্ধে দায়ের করা মামলা মোকাবিলা করবেন।

শেখ হাসিনাকে আইনগতভাবে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করছে দুদক বলেও জানান সচিব। তিনি বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। এ বিষয়ে ইন্টারপোলের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছে কমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।