সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ের সামনে ‘১০ টাকার ভাতের হোটেল’ চালু, আটক হওয়ার দুই ঘণ্টা পর মুচলেকায় মুক্ত সোহানী শিফা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ‘১০ টাকার ভাতের হোটেল’ চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ‘ঢাকা বাঁচাও’ সংগঠনের সভাপতি সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। পরে প্রায় দুই ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

রোববার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনের সামনের সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার দাবিতে কয়েক দিন ধরেই সরব ছিলেন সোহানী শিফা। সেই দাবির অংশ হিসেবেই রোববার সচিবালয়ের সামনে প্রতীকীভাবে একটি অস্থায়ী ভাতের হোটেল চালু করেন তিনি।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে রোববার থেকে সচিবালয়ের সামনে ভাতের হোটেল চালু করবেন। সেখানে প্রতীকীভাবে ১০ টাকায় ভাত, ডাল ও আলুভর্তা পরিবেশন করা হবে বলেও উল্লেখ করেন।

রোববার দুপুর ১২টার দিকে ভাত বিক্রি শুরু করার কিছুক্ষণ পরই শাহবাগ থানা-পুলিশ ভাত বিক্রির ভ্যানসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে সমকালকে জানান, ‘ভাতসহ বিভিন্ন রান্না করা খাবার ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা হচ্ছিল। তাই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ফুটপাত ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
নগর-মহানগর সর্বশেষ