রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই বাস্তবায়ন চায় সাংবাদিক ফোরাম

মো. জামাল হোসেন
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

আইন প্রণয়নে গড়িমসি হলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি। ফাইল ছবি

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করতে আগামী নভেম্বরের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। নির্ধারিত সময়ের মধ্যে আইন প্রণয়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের উচিত সাংবাদিকদের দীর্ঘদিনের এই দাবিকে এখনই গুরুত্বসহকারে বিবেচনা করা। কারণ দেশের গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের ঝুঁকি, হামলা, মামলা, হয়রানি ও পেশাগত অনিরাপত্তার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বক্তব্য রাখতে গিয়ে আহমেদ আবু জাফর এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, ৫৫ বছরে সরকারগুলো অজস্র আইন প্রণয়ন করে গেছে; অথচ গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য কিছুই করেনি। সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও যুগোপযোগী সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে জনগণের কথা তুলে ধরতে গিয়ে অনেক সময় নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক আক্রান্ত, নির্যাতিত বা হয়রানির শিকার হলে তার সুরক্ষায় কার্যকর আইনি কাঠামো থাকা জরুরি। তাই বিষয়টি আর আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২৩ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সেহলী পারভীন, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। বক্তব্য দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-হয়রানির ঘটনায় দ্রুত কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তার দাবিকে সামনে এনে প্রাণবন্ত হয়ে ওঠে।

সভা থেকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিকে আরও জোরালোভাবে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি শুধু সাংবাদিক সমাজের দাবি নয়, বরং একটি কার্যকর ও জবাবদিহিমূলক গণমাধ্যম পরিবেশ তৈরির সঙ্গেও এটি সরাসরি সম্পৃক্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।