দামি গাড়ি, ব্যক্তিগত চালক, ঢাকায় বাড়ি-ফ্ল্যাট ও গ্রামে জমির পাহাড়; রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সম্পদের উৎস অনুসন্ধানের দাবি। ফাইল ছবি
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুহুল মাহমুদকে ঘিরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, রাজস্ব ফাঁকিতে সহযোগিতা, ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মাসিক বেতন প্রায় ৩৫ হাজার টাকা হলেও তিনি শত কোটি টাকার সম্পদের মালিক। দামি প্রাইভেট কারে চলাফেরা, ব্যক্তিগত চালক নিয়োগ, ঢাকায় একাধিক বাড়ি-ফ্ল্যাট ও প্লট এবং বিপুল ব্যাংক ব্যালেন্সের তথ্য সামনে আসায় তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজন সরকারি কর্মকর্তার সীমিত বেতন ও কথিত বিলাসবহুল জীবনযাপনের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অভিযোগকারীদের দাবি, তার ব্যক্তিগত চালকের মাসিক বেতনই প্রায় ২৫ হাজার টাকা। অন্যদিকে, নিজস্ব গাড়ি, স্থাবর সম্পদ ও ব্যয়বহুল জীবনযাপনের বহর তার আর্থিক সক্ষমতার প্রকৃত উৎস নিয়ে নতুন করে অনুসন্ধানের দাবি তুলেছে। সাংবাদিকরা এসব অভিযোগ নিয়ে বক্তব্য জানতে গেলে তিনি প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে দেখে নেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
গ্রামে চারতলা ভবন, জমি ও দোকান—সম্পদের বিস্তৃত তালিকা
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রুহুল মাহমুদের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ উঠেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তালুক মাদাতী গ্রামের বাসিন্দা এবং এ.বি.এম. আব্দুল মান্নানের ছেলে রুহুল মাহমুদের নিজ গ্রামে রয়েছে একটি আলিশান চারতলা ভবন।
এ ছাড়া রংপুর ডিসি অফিসের সামনে ৬ শতাংশ জমি, কালীগঞ্জের চামটা বাজারের পূর্ব মাথায় আনুমানিক ৩ কোটি টাকা বাজারমূল্যের ৩২ শতাংশ জমি এবং চামটা বাজারের মাঝখানে দুটি দোকানসহ প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ৪ শতাংশ জমি রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট সূত্রের। পাশাপাশি নিজ গ্রামে ২০ বিঘারও বেশি নাল জমি কেনার তথ্যও সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, সম্পদের প্রকৃত মালিকানা আড়াল করতে স্ত্রী, বাবা, শ্বশুর-শাশুড়ি ও অন্যান্য আত্মীয়স্বজনের নামেও সম্পদ গড়ে তোলা হয়েছে। এসব সম্পদের দলিল, ক্রয়মূল্য, মালিকানা ও অর্থের উৎস যাচাই করা হলে তার আর্থিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন অভিযোগ সংশ্লিষ্টরা।
কাস্টমসের দায়িত্ব পালনকালে রাজস্ব ফাঁকির অভিযোগ
রুহুল মাহমুদের বিরুদ্ধে শুধু সম্পদ অর্জন নয়, কাস্টমস হাউস ও কাস্টমস বন্ডে দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, চোরাকারবারি ও বিশেষ একটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে অবৈধ পণ্য খালাসের সুযোগ করে দিয়ে সরকারি রাজস্ব ফাঁকিতে সহযোগিতা করেছেন তিনি।
অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডের বিনিময়ে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নেওয়া হয়েছে। তবে এ অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন। কাস্টমসের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা যদি অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিতে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত করেন, তবে তা রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ও রাজস্ব ব্যবস্থাপনার জন্য গুরুতর হুমকি।
শত কোটি টাকার সম্পদের অভিযোগ, দুদকে তদন্তের আবেদন
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন বলে জানা গেছে। আবেদনে রুহুল মাহমুদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
একজন সরকারি কর্মকর্তার কথিত সম্পদের পাহাড়, বিলাসবহুল জীবনযাপন ও আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের তথ্য ঘিরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বিস্ময় ও আলোচনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
পারিবারিক রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিস্তারের অভিযোগ
অনুসন্ধানে আরও অভিযোগ উঠে এসেছে, রুহুল মাহমুদের বাবা কালীগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি। পারিবারিক রাজনৈতিক পরিচয় ও দলীয় প্রভাব ব্যবহার করে এলাকায় বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে স্থানীয় পর্যায়ে তার সম্পদ ও প্রভাব নিয়ে আলোচনা রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
রাষ্ট্র যখন রাজস্ব আহরণ বাড়ানো, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে, তখন কাস্টমসের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ে রুহুল মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, আয়কর নথি, জমি ও ফ্ল্যাটের দলিল এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক লেনদেন অনুসন্ধানের দাবি উঠেছে। একই সঙ্গে কাস্টমসের বিভিন্ন কর্মস্থলে তার দায়িত্ব পালনকালীন সিদ্ধান্ত ও পণ্য খালাসের নথি যাচাই করা হলে রাজস্ব ফাঁকির অভিযোগের সত্যতা নির্ণয় করা সম্ভব হতে পারে।
৩৫ হাজার টাকার বেতন, অথচ শত কোটি টাকার সম্পদের অভিযোগ—কীভাবে গড়ে উঠল এই সম্পদের সাম্রাজ্য? কারা ছিলেন নেপথ্যের সহযোগী, কোথায় হয়েছে আর্থিক লেনদেন, আর সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগের পেছনে কতটা সত্যতা রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রয়োজন পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত।
বিস্তারিত কমেন্টে, পরবর্তী প্রতিবেদনে। চলবে…
