সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের ঝটিকা অভিযান, পাঁচ দালালের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আগস্ট ১০, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস ঘিরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে পাসপোর্টপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা ও হয়রানির অভিযোগে পাঁচ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-২। অভিযানে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজনকে ১৫ দিন, দুজনকে ১০ দিন এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব-২ সূত্রে জানা যায়, সম্প্রতি আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ও পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দিতে আসা পাসপোর্টপ্রত্যাশীদের টার্গেট করে আসছিল একটি সংঘবদ্ধ দালাল চক্র। চক্রটির সদস্যরা পাসপোর্টের ফরম পূরণ, কাগজপত্র সত্যায়ন, ঘাটতি থাকা নথি পূরণসহ দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল মোটা অঙ্কের টাকা।

শুধু অর্থ আদায় নয়, দালালদের প্রস্তাবে রাজি না হলে পাসপোর্টপ্রত্যাশীদের বিভিন্নভাবে হয়রানি ও বিরক্ত করার অভিযোগও রয়েছে।

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার ও মাইকিং করা হলেও তাতে থামেনি তাদের কার্যক্রম। বরং সুযোগ বুঝে পাসপোর্টপ্রত্যাশীদের ঘিরে সক্রিয় ছিল চক্রটির সদস্যরা।

এ অবস্থায় দালালদের কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-২। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২-এর আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তি এবং সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত। এরপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাবের এ অভিযানে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দালাল চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।