প্রতীকী ছবি
জধানীর সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. রাশেদ (২০) এবং তিনজন কিশোর। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শুক্রবার বিকেলে তাজিয়া মিছিলে রশি ধরাকে কেন্দ্র করে নিহত জাকির হোসেনের সঙ্গে হামলাকারীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য জাকির পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। কিন্তু সেখানেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, আশুরার দিন বিকেল ৪টায় সূত্রাপুরের বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর, চকবাজার ও লালবাগ হয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা দেয়। মিছিলটি সোয়া ৫টার দিকে বাংলাবাজার অতিক্রম করার সময় পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় একদল উচ্ছৃঙ্খল যুবক জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে।
স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত জাকিরকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নিহত জাকিরের পরিচয় প্রথমে জানা না গেলেও পরে তাঁর পরিচয় নিশ্চিত হয়। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাসা ছিল লালবাগ এলাকায়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করে এবং অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
