বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাধিকার সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, ছেলেকে ‘পালক পুত্র’ দাবি করে হয়রানির অভিযোগ বাবার বিরুদ্ধে

বাগেরহাট জেলা প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ওয়ারিশ সনদ জালিয়াতির আশঙ্কা, বিতর্কিত জমির নামজারি নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্ত ও সম্পত্তির ন্যায্য হিস্যা দাবি। ছবি: সমতল মাতৃভূমি

মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধ এখন নতুন মাত্রা পেয়েছে। নিজের বৈধ সন্তান হওয়া সত্ত্বেও তাঁকে ‘পালক পুত্র’ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা, ওয়ারিশ সনদে নাম বাদ রাখা এবং বিভিন্ন সরকারি দপ্তরে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দেওয়ার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন মোঃ জামশেদ আলী (৩৩)। এ ঘটনায় নিজের বাবা আশরাফ আলী শেখ, বোন জুথি আক্তার, মামা বাদশা মিয়া শেখ ও মামি ফরিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় বাগেরহাটের চিতলমারীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামশেদ আলী। লিখিত বক্তব্যে তিনি পারিবারিক বিরোধের সূত্রপাত, মায়ের রেখে যাওয়া সম্পত্তির হিস্যা, বিতর্কিত ওয়ারিশ সনদ এবং তাঁর বিরুদ্ধে দেওয়া বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জামশেদ জানান, তাঁর মা জাহানারা বেগম সরকারি চাকরিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর ২০১৮ সালের ১৯ মার্চ তিনি মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি, তাঁর বোন ও বাবা একই বাড়িতে বসবাস করতেন।

জামশেদের দাবি, মায়ের ব্যাংক হিসাবে জমা থাকা অর্থ উত্তোলনের জন্য ২০২৪ সালে বাগেরহাট জেলা ডেলিগেট আদালতে সাকসেশন অ্যাক্টের ৩৭২ ধারা অনুযায়ী মিস-৪৯/২০২৪ নম্বর মামলা করা হয়। ওই মামলার ১৯ মে ২০২৪ তারিখের আবেদনপত্রে বাবা আশরাফ আলী শেখ, তিনি নিজে এবং বোন জুথি আক্তার—তিনজনই আবেদনকারী ছিলেন। আদালতের রায় ও সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী নির্ধারিত হিস্যা অনুসারে তাঁরা তিনজন ব্যাংকে জমা থাকা অর্থ ভাগ করে নেন।

তবে ব্যাংকের অর্থ বণ্টনের পর থেকেই মায়ের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের সূত্রপাত হয় বলে অভিযোগ জামশেদের। তাঁর ভাষ্য, মামা বাদশা মিয়া শেখ ও মামি ফরিদা বেগমের প্ররোচনায় বাবা আশরাফ আলী শেখ গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে বোন জুথি আক্তারের নামে ৩ একর ৭ শতক জমি হেবা বিল এওয়াজ দলিল করে দেন।

এ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে জমির নামজারি ও জমাভাগের আবেদন ঘিরে। জামশেদের অভিযোগ, তাঁর বোন অনলাইনে নামজারি ও জমাভাগের আবেদন করার সময় ২০২৩ সালের একটি ওয়ারিশ কায়েম সনদের অনুলিপি সংযুক্ত করেন। ওই সনদে তাঁর নাম বাদ রাখা হয়েছে। শুধু তাই নয়, সনদের অনুলিপিতে তারিখ ও সংশ্লিষ্ট চেয়ারম্যানের সিলও নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ৫ নম্বর চিতলমারী সদর ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, পরিষদ থেকে এ ধরনের কোনো ওয়ারিশ সনদ ইস্যু করা হয়নি। ফলে নামজারি আবেদনের সঙ্গে জমা দেওয়া সনদটির গ্রহণযোগ্যতা ও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামশেদ। বিষয়টি প্রশাসনের মাধ্যমে যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে উপস্থাপিত নথিতে দেখা যায়, জামশেদের বাবা আশরাফ আলী শেখের স্বাক্ষরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। এর একটি আবেদনে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে।

জামশেদের দাবি, এসব অভিযোগে তাঁকে নেশাগ্রস্ত হিসেবে উপস্থাপন, বাবাকে হুমকি দেওয়া, পারিবারিক অশান্তি সৃষ্টি এবং মামাকে মারধরের মতো অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

নিজের জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করে জামশেদ বলেন, তাঁর জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদে বাবা-মায়ের নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এমনকি মায়ের মৃত্যুর পর ব্যাংকের অর্থ উত্তোলনের জন্য করা সাকসেশন মামলার আবেদনেও তাঁকে আবেদনকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরও তাঁকে পালক পুত্র হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সম্পত্তিতে নিজের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন জামশেদ। তাঁর আবেদনটি শুনানির জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি বিতর্কিত নামজারি বাতিলের আবেদনও করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন জামশেদ। এর মধ্যে রয়েছে—২০২৩ সালের কথিত ওয়ারিশ সনদের সত্যতা যাচাই, নামজারি ও জমাভাগের পুরো প্রক্রিয়া পর্যালোচনা, তাঁর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং পৈতৃক ও মাতৃসম্পত্তিতে আইনানুগ অধিকার নিশ্চিত করা।

জামশেদ বলেন, সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে কোনো সংঘাত বা বিরোধ চান না তিনি। বরং আইনগত প্রক্রিয়ায় নিজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাবার সঙ্গে পারিবারিক সম্পর্ক স্বাভাবিক করতে চান।

সংবাদ সম্মেলনে জামশেদ আলীর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম পলাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।