বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় র‍্যাবের অভিযান: পাসপোর্ট অফিসের সামনে ১৩ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। অভিযানে দালাল চক্রের ১৩ সক্রিয় সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ সেবাপ্রার্থীরা নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছিলেন। সেই অনিয়ম বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ১৩ জনের মধ্যে মো. ফেরদাউস (২৩) ও মো. আরিফ হোসেন (৪০)-কে ৭ দিন, অনিক রহমান পরশ ওরফে রকি (২০), মো. ইউসুফ (২১), রহিদুল ইসলাম (২৩), মো. ইসমাইল হোসেন (২৪), শ্রাবণী আক্তার অনু (২৩) এবং মো. ওমর সানি (৩২)-কে ১০ দিন, মো. খোরশেদ আলম (৪০) ও মো. রাসেল মিয়া (৪৯)-কে ১৫ দিন, মো. হানিফ (৪২) ও মো. মমিন (২২)-কে ২০ দিন এবং মো. জুয়েল রানা (৩২)-কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ ও মিডিয়া অফিসার) মো. সিদ্দিকুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে ১২ জন পুরুষকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং এক নারীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে, গাজীপুরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট প্রত্যাশী সাধারণ মানুষের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে বন্ধ করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।