রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার উদ্যোগে ১৯ নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়ে মানবিক উদ্যোগ; ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান। ছবি সমতল মাতৃভূমি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ ‘ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া’। শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান।

ফাইল ছবি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার আহ্বায়ক আব্দুল মঈদ বাবুল ও সদস্য সচিব জামির হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোজি খান, সাংগঠনিক সম্পাদিকা শিল্পীসহ সংগঠনটির স্বেচ্ছাসেবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, নির্বাচনের আগে অনেকেই নানা প্রতিশ্রুতি ও আশ্বাস দেন। কিন্তু যারা নির্বাচনে পরাজিত হন, তাঁদের অনেককেই পরবর্তী সময়ে আর জনগণের পাশে দেখা যায় না। আমরা আপনাদের সঙ্গে আছি, আগামীতেও থাকব।

তিনি বলেন, ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া ইতিমধ্যে শহরের পরিচ্ছন্নতা ও সবুজায়নে কাজ করে যাচ্ছে। অনেকে মনে করেন, এ সংগঠন কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। বাস্তবে শহরকে সবুজায়ন ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে। পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন মিন্টু নিজের অন্যান্য কাজের পাশাপাশি ব্যক্তিগত অর্থ ব্যয় করে শহরের পরিচ্ছন্নতা রক্ষা এবং গাছপালার পরিচর্যা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, তাঁর এ উদ্যোগ থেকে সবাইকে অনুপ্রাণিত হতে হবে। নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

১৯ নম্বর ওয়ার্ডের সড়ক উন্নয়ন প্রসঙ্গে জাকির হোসেন সরকার বলেন, শাহাবুদ্দিন মিন্টুর অবগত করার পর চৌড়হাস থেকে জগতি অভিমুখী সড়কের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে কাজ করা হয়েছে। আগামী দিনে অন্যান্য সড়কও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকাবাসীকে শাহাবুদ্দিন মিন্টুর পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী পৌর নির্বাচনে তিনি দলীয় সমর্থন পেলে তাঁর প্রতি আস্থা রাখার আহ্বানও জানান।

সভাপতির বক্তব্যে শাহাবুদ্দিন মিন্টু বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তাঁদের এ উদ্যোগ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান তাঁরা।

তিনি আরও বলেন, কুষ্টিয়াকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার মাধ্যমে সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আয়োজকেরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কয়েকশ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুধু খাদ্যসামগ্রী বিতরণই নয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নগরীর সবুজায়ন এবং কুষ্টিয়ার সামগ্রিক উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।

তাঁরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি কুষ্টিয়াকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।