শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীদের ধাওয়া, রুদ্ধশ্বাস অভিযানে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার
জুন ১২, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারী ধরতে গিয়ে সাহসিকতার নজির স্থাপন করেছেন পুলিশের দুই সদস্য। ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেও শেষ পর্যন্ত অভিযুক্তদের পালাতে দেননি তারা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর জিয়া (চন্দ্রিমা) উদ্যানের সামনে ঘটে এই নাটকীয় ঘটনা।

আহত দুই পুলিশ সদস্য হলেন শেরেবাংলা নগর থানার এসআই মো. সামসুজ্জোহা এবং পিওএমে কর্মরত কনস্টেবল হৃদয় হোসেন। ছিনতাইকারীদের হামলায় দুজনেরই কাঁধে ছুরিকাঘাত করা হয়।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, ছিনতাই করে ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাচ্ছিল তিন যুবক। এ সময় স্থানীয় লোকজনের চিৎকার শুনে টহলরত পুলিশের দুই সদস্য মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করেন।

একপর্যায়ে অটোরিকশাটি থামিয়ে ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হলেও তারা দমে যাননি। আহত অবস্থাতেই সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলো— রকি এবং রাজু ওরফে কালু। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত দুই সদস্যকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আটক দুই ছিনতাইকারীকে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রক্তাক্ত হলেও দায়িত্ব থেকে একচুলও পিছু হটেননি দুই পুলিশ সদস্য। তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের এই ঘটনা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।